এমবিএ ডিগ্রি নিয়ে মাছ চাষে দেশসেরা



৬৬ বিঘা জমির ওপর ১৩টি পুকুরে চাষ করা হচ্ছে মাছ। রেণু থেকে পোনা উৎপাদনের পাশাপাশি চাষ হচ্ছে দেশীয় প্রজাতির রুই, পাবদা, শিং, কই, মাগুর, টেংরা মাছ। দিনাজপুরের বিরামপুর উপজেলায় এ মাছের খামার গড়ে তুলেছেন আবু সালেহ মো. তারেক। তাঁর খামারে কাজ করেন ১২ জন। গুণগত মানের পোনা উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মাছ চাষ সম্প্রসারণে অবদান রাখায় দেশের শ্রেষ্ঠ মাছচাষি হিসেবে পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি। গতকাল রোববার জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কর্তৃক দেশের শ্রেষ্ঠ মাছচাষি হিসেবে স্বর্ণপদক ও ৫০ হাজার টাকা তাঁর হাতে তুলে দেওয়া হয়।